প্রতিবেদক: বুলবুল আহমেদ
টালিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে, চলতি বছরের ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই জনপ্রিয় নায়িকা। আর এই গুঞ্জনের মাঝেই সামনে এসেছে মিমির হবু স্বামীর পরিচয় ও নানা চাঞ্চল্যকর তথ্য।
মিমি চক্রবর্তী বরাবরই নিজের ব্যক্তিগত জীবন মিডিয়ার আড়ালে রাখতে পছন্দ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সক্রিয় হলেও নিজের প্রেম বা বিয়ে নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মুখ খোলেননি তিনি। তবে টালিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে মিমির হবু স্বামীর নাম—সিদ্ধার্থ দত্ত।
জানা গেছে, সিদ্ধার্থ টালিউডের কেউ নন। তিনি কলকাতারই ছেলে এবং পড়াশোনা করেছেন নামী ‘ক্যালকাটা বয়েজ স্কুল’-এ। পরবর্তীতে মেরিন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে তিনি যোগ দেন আন্তর্জাতিক মার্চেন্ট নেভিতে। ২০০৮ সালের মার্চ মাস থেকে যুক্তরাজ্যের স্বনামধন্য আন্তর্জাতিক শিপিং সংস্থা ‘শেল শিপ ম্যানেজমেন্ট লিমিটেড’-এর সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বর্তমানে এই বহুজাতিক প্রতিষ্ঠানে সিনিয়র মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন সিদ্ধার্থ।
টালিউডের গুঞ্জনে আরও শোনা যাচ্ছে, শীতের আমেজে পশ্চিমবঙ্গের পাহাড়ি শহর কালিম্পংয়ে বসতে পারে মিমির বিয়ের আসর। জলপাইগুড়ির মেয়ে মিমির বিয়ে নিয়ে এমনিতেই ভক্তদের মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছে। এর মধ্যেই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। নেটিজেনদের দাবি, ওই ছবিতে মিমির সঙ্গে তার হবু বর সিদ্ধার্থ দত্তকে একঝলক দেখা গেছে। টালিপাড়ার ঘনিষ্ঠ বন্ধুদের একটি আড্ডায় তাদের একসঙ্গে দেখা মিলেছে বলেও জোর আলোচনা চলছে। এমনকি পূজা চলাকালীন সময়েই নাকি তাদের মধ্যে প্রেমের সম্পর্কের সূত্রপাত হয়েছিল বলে গুঞ্জন রয়েছে।
তবে এত সব আলোচনা ও ছবি ভাইরাল হলেও এখন পর্যন্ত মিমি চক্রবর্তী কিংবা পাত্রপক্ষের কেউ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ফলে এই গুঞ্জন শেষ পর্যন্ত বাস্তব রূপ নেয় কি না, সেটাই এখন দেখার বিষয়।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |