প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানায় নাশকতা ও ককটেল নিক্ষেপের অভিযোগে সহস্রাধিক ব্যক্তিকে আসামি করে দায়ের করা একটি মামলা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। মামলার এজাহারে যাকে বাদী হিসেবে উল্লেখ করা হয়েছে, সেই যুবদল নেতাই দাবি করেছেন, মামলা দায়েরের বিষয়ে তিনি কিছুই জানেন না। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাকে ডেকে নিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।
তবে বাদীর এমন অভিযোগ অস্বীকার করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল বারী। তার দাবি, মামলায় উল্লেখ করা ঘটনা সত্য এবং সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভিত্তিহীন।
থানা ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাণীশংকৈল উপজেলার ৫ নম্বর বাচোর ইউনিয়নের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় ২০০ মিটার পশ্চিমে মূল সড়কে মশাল জ্বালানো ও টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
মামলার এজাহারে বলা হয়েছে, ওই সময় পারিবারিক কাজে কাতিহার যাওয়ার পথে ঘটনাটি দেখতে পান রাণীশংকৈল পৌর যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি ও দক্ষিণ বাঁশবাড়ী এলাকার বাসিন্দা মো. মাহাবুব (৪২)।
এজাহার অনুযায়ী, তিনি ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা তার সঙ্গে মারমুখী আচরণ করেন এবং হুমকি দেন। একপর্যায়ে বিভিন্ন স্লোগান দিয়ে তাকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে টায়ারের আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় শনিবার (২১ নভেম্বর) রাণীশংকৈল থানায় দণ্ডবিধি, বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলার নম্বর ২২।
মামলায় ১১২ থেকে ১২২ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় এক হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
আসামিদের তালিকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং এলাকার বাসিন্দাদের নাম রয়েছে বলে জানা গেছে।
তবে মামলার বাদী হিসেবে উল্লেখ থাকা যুবদল নেতা মো. মাহাবুব এজাহারে বর্ণিত ঘটনার বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন।
মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, মামলায় কাদের আসামি করা হয়েছে, এমনকি কীভাবে মামলা দায়ের হয়েছে, সে সম্পর্কেও তার কোনো ধারণা নেই।
মাহাবুব বলেন, ‘ওসি আমাকে ডেকে নিয়ে যান। একটি সাদা কাগজে সই করতে বলেন, আমি সই করেছি—আর কিছু জানি না।’
তিনি জানান, নিজের অজান্তে তাকে বাদী করে এত বড় মামলা দায়েরের বিষয়টি পরে জানতে পেরেছেন। এতে তিনি সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।
মামলার কারণে নিজের মানসম্মান ক্ষুণ্ন হচ্ছে বলেও অভিযোগ করেন ওই যুবদল নেতা।
মামলার আসামিদের ব্যক্তিগতভাবে চেনেন কি না, এমন প্রশ্নের জবাবেও মাহাবুব জানান, তিনি তাদের সম্পর্কে কিছু জানেন না।
অন্যদিকে যুবদল নেতার অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল বারী তা অস্বীকার করেন।
ওসি দাবি করেন, মামলায় বর্ণিত নাশকতার ঘটনা সত্য। সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার বিষয়ে বাদীর অভিযোগও সঠিক নয় বলে জানান তিনি।
এদিকে একই মামলা নিয়ে বাদী ও পুলিশের পরস্পরবিরোধী বক্তব্য সামনে আসায় মামলার প্রক্রিয়া এবং অভিযোগের যথার্থতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
তবে বাদীর স্বাক্ষর গ্রহণের প্রকৃত পরিস্থিতি এবং এজাহারে উল্লেখ করা অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |