রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে যেকোনো সময় যাত্রী, পথচারী কিংবা আশপাশের মানুষ দুর্ঘটনার শিকার হতে পারেন। হঠাৎ বিস্ফোরণ, আগুন বা ধোঁয়ার মুখে আতঙ্কিত না হয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি। কারণ, সামান্য অসতর্কতা কিংবা ভুল পদক্ষেপ বিপদের মাত্রা বাড়িয়ে দিতে পারে।
তাই জরুরি মুহূর্তে কীভাবে নিরাপদে থাকতে হবে, কী করা যাবে না এবং কোথায় যোগাযোগ করতে হবে, সে বিষয়ে আগে থেকেই জেনে রাখা প্রয়োজন।
কাছাকাছি কোথাও বিস্ফোরণের শব্দ শুনতে পেলে প্রথম কাজ হলো দ্রুত ঘটনাস্থল থেকে সরে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া। বিস্ফোরণের পর কৌতূহলবশত ঘটনাস্থলে যাওয়া কিংবা সেখানে মানুষের ভিড় করা থেকে বিরত থাকতে হবে।
বিশেষ করে বিস্ফোরণের পর আশপাশে পড়ে থাকা কোনো সন্দেহজনক কৌটা, ব্যাগ, প্যাকেট বা বস্তু স্পর্শ করা যাবে না। সেগুলো সরানো, খোলার চেষ্টা কিংবা অন্যভাবে নাড়াচাড়া করাও বিপজ্জনক। এ ধরনের কিছু চোখে পড়লে নিরাপদ দূরত্ব বজায় রেখে অন্যদের সতর্ক করতে হবে।
পাশাপাশি কাচের জানালা, দোকানের সামনের অংশ এবং ক্ষতিগ্রস্ত স্থাপনা থেকে দূরে থাকতে হবে। আহত কাউকে দেখতে পেলেও নিজের নিরাপত্তা নিশ্চিত না করে উদ্ধারকাজে এগিয়ে যাওয়া উচিত নয়।
নিরাপদ স্থানে পৌঁছানোর পর দ্রুত পুলিশ বা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করে ঘটনাটি জানাতে হবে।
গণপরিবহনে আগুন লাগলে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। বাসের ভেতরে আগুন কিংবা ধোঁয়া দেখা দিলে দ্রুত চালককে গাড়ি থামানোর জন্য জানাতে হবে। এরপর পরিস্থিতি অনুযায়ী নিরাপদ বের হওয়ার পথ ব্যবহার করতে হবে।
দরজা দিয়ে বের হওয়া সম্ভব না হলে বাসের জরুরি নির্গমন পথ বা জানালা ব্যবহার করতে হবে। প্রয়োজনে বাসে থাকা জরুরি জানালা ভাঙার হাতুড়ি ব্যবহার করা যেতে পারে।
এ সময় কয়েকটি বিষয় বিশেষভাবে মনে রাখা জরুরি—
বাস থেকে বের হওয়ার পরপরই গাড়ি থেকে নিরাপদ দূরত্বে চলে যেতে হবে। আগুন নিয়ন্ত্রণে আসার আগে কোনো অবস্থাতেই বাসে ফিরে যাওয়া উচিত নয়।
কোনো কারণে শরীর বা পোশাকে আগুন লেগে গেলে আতঙ্কিত হয়ে দৌড়ানো যাবে না। এতে আগুন আরও ছড়িয়ে পড়তে পারে। এ ধরনের পরিস্থিতিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘স্টপ, ড্রপ অ্যান্ড রোল’ পদ্ধতি অনুসরণ করা হয়।
এই পদ্ধতির তিনটি ধাপ হলো—
১. স্টপ: আগুন লাগলে সঙ্গে সঙ্গে থেমে যান। দৌড়াবেন না।
২. ড্রপ: দ্রুত মাটিতে শুয়ে পড়ুন এবং দুই হাত দিয়ে মুখ ঢেকে রাখুন।
৩. রোল: শরীর গড়িয়ে আগুন নেভানোর চেষ্টা করুন। আগুন সম্পূর্ণ নিভে না যাওয়া পর্যন্ত প্রয়োজনে গড়াতে থাকুন।
আগুন নিভে যাওয়ার পরও পোড়া স্থানে চিকিৎসার প্রয়োজন হতে পারে। গুরুতর দগ্ধ হলে দ্রুত জরুরি চিকিৎসাসেবা নিতে হবে।
রাস্তায় চলাচলের সময় আশপাশের পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন। মোবাইল ফোনে অতিরিক্ত মনোযোগ কিংবা ভিডিও দেখতে গিয়ে আশপাশের বিপদ সম্পর্কে অসচেতন থাকা ঠিক নয়।
কোনো সন্দেহজনক বস্তু দেখতে পেলে সেটির কাছে গিয়ে ছবি তোলা বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকুন। একইভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের জন্য ঘটনাস্থলে ভিড় করবেন না।
গণপরিবহনে ওঠার সময় বাসের দরজা, জানালা ও জরুরি নির্গমন পথের অবস্থান সম্পর্কে ধারণা রাখা ভালো। শিশু ও বয়স্ক ব্যক্তিদের সঙ্গে ভ্রমণ করলে জরুরি পরিস্থিতিতে কীভাবে বের হতে হবে, তা আগেই বুঝিয়ে রাখা প্রয়োজন।
বিস্ফোরণ, অগ্নিকাণ্ড কিংবা দুর্ঘটনার খবর জানাতে সংশ্লিষ্ট জরুরি সেবার সঙ্গে দ্রুত যোগাযোগ করা প্রয়োজন।
ফোন করার সময় ঘটনার সুনির্দিষ্ট স্থান, দুর্ঘটনার ধরন, আহত ব্যক্তির সংখ্যা এবং আগুন বা বিস্ফোরণের ঝুঁকি সম্পর্কে পরিষ্কার তথ্য দিতে হবে।
আহত কাউকে সাহায্য করার আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গুরুতর আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নাড়াচাড়া না করে জরুরি উদ্ধারকর্মীদের নির্দেশনার জন্য অপেক্ষা করা ভালো।
বিস্ফোরণ কিংবা অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা, ঘটনাস্থলে ভিড় জমানো এবং সন্দেহজনক বস্তু স্পর্শ করা বড় ধরনের বিপদের কারণ হতে পারে। তাই বিপদের মুহূর্তে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া, আশপাশের মানুষকে সতর্ক করা এবং জরুরি সেবার সহায়তা নেওয়া জরুরি। আগে থেকে প্রয়োজনীয় নিরাপত্তা সম্পর্কে ধারণা থাকলে নিজের পাশাপাশি অন্যের জীবন রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |