প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে নতুন করে তদন্ত শুরু না করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে ওই ঘটনায় জড়িত খেলোয়াড় ও কর্মকর্তাদের নিজেদের অভিজ্ঞতা ও বক্তব্য তুলে ধরার সুযোগ দিতে একটি স্বাধীন ফোরাম গঠনের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। বিষয়টি সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এটিকে ‘নতুন সূচনা’ হিসেবে দেখছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আট বছর আগে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে দীর্ঘদিনের চাপা ক্ষোভ নতুন করে সামনে এসেছে। সম্প্রতি উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর বিষয়টি আবারও আলোচনায় আসে।
নিজের বইয়ে খাজা অভিযোগ করেন, বলের সুইং বাড়াতে স্যান্ডপেপার দিয়ে বলের উপরিভাগ ঘষার পরিকল্পনার কথা পুরো দলই জানত। তবে অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স এ অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন।
ঘটনার সময় ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে বলা হয়েছিল, কেবল অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট বিষয়টি জানতেন। ওই ঘটনায় তিনজনকেই দেশে ফিরিয়ে নেওয়া হয় এবং নিষিদ্ধ করা হয়।
খাজার বক্তব্যকে সমর্থন করে গত সপ্তাহে ডেভিড ওয়ার্নার ক্রিকেট অস্ট্রেলিয়ার তৎকালীন তদন্তকে ‘ত্রুটিপূর্ণ’ বলে অভিযোগ করেন। তাঁর দাবি, দলের সব খেলোয়াড়ের সঙ্গে কথা বলা হয়নি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, গত সপ্তাহটি ক্রিকেট এবং ঘটনার সঙ্গে জড়িত সবার জন্য অত্যন্ত কঠিন ও অস্বস্তিকর ছিল।
তবে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে ম্যাচের আগে হোবার্টে কথা বলতে গিয়ে গ্রিনবার্গ স্পষ্ট করেন, ওই ঘটনার তদন্ত শেষ হয়েছে। গোপনীয়তার কারণ দেখিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশের সম্ভাবনাও নাকচ করেন তিনি।
এর পরিবর্তে ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ডেভিড বুন জানান, সম্ভবত সাবেক কোনো বিচারকের নেতৃত্বে একটি ফোরাম গঠন করা হবে। তবে এই উদ্যোগের মাধ্যমে নতুন করে কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।
বুন বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় ২০১৮ সালের ঘটনায় জড়িত খেলোয়াড় ও কর্মকর্তাদের নিজেদের অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ দিতে একটি ফোরাম গঠনের সিদ্ধান্ত নিয়েছি আমরা। বিষয়টি নিয়ে সতর্কতার সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, এবার পরিস্থিতির পরিবর্তন হওয়া প্রয়োজন। অতীতের ঘটনার বিচার বা পুনর্বিচার করা এই উদ্যোগের উদ্দেশ্য নয়। বরং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজেদের কথা বলার সুযোগ করে দেওয়াই এর লক্ষ্য।’
বুনের মতে, অস্ট্রেলিয়ার ক্রিকেট ঐক্যবদ্ধ থাকলে সবচেয়ে শক্তিশালী হয়। বোঝাপড়া, সম্মান ও সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব যুক্তিসংগত চেষ্টা করা তাদের দায়িত্ব।
ফোরামে আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হবে কি না, সে বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে এক মাসের মধ্যে কার্যক্রম শেষ করার আশা করছে সংস্থাটি।
গ্রিনবার্গ বলেন, ‘যারা সামনে এসে কথা বলবেন, তাদের গোপনীয়তা রক্ষা করার পাশাপাশি যতটা সম্ভব স্বচ্ছ থাকার চেষ্টা করব আমরা।’
খাজার বক্তব্যকে সমর্থন করে সরব হওয়া ওয়ার্নারকে সন্তুষ্ট করতেই এই ফোরাম গঠন করা হচ্ছে—এমন ধারণাও নাকচ করেন তিনি। তাঁর ভাষায়, ‘কোনো নির্দিষ্ট ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য এটি করা হচ্ছে না। বিষয়টি খেলার, পুরো ক্রীড়াঙ্গনের।’
গ্রিনবার্গ আরও বলেন, ‘কোনো না কোনোভাবে খেলাটিকে এই পরিস্থিতি থেকে সামনে এগিয়ে যেতে হবে। ঘটনাগুলো আট বছর আগের। এগুলো তখন অনেক মানুষের জন্য প্রচণ্ড কষ্ট ও বেদনার কারণ হয়েছিল, এখন আবারও সেই পরিস্থিতি তৈরি হচ্ছে।’
সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নতুন করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত নয় বলে একমত ওয়ার্নার। তবে তিনি একটি উন্মুক্ত তদন্তের পক্ষে ছিলেন।
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় ওয়ার্নার বলেন, ‘আমি একটি উন্মুক্ত তদন্ত চেয়েছিলাম। সে সময় যারা সেখানে ছিলেন, তারা যেন সামনে এসে নিজেদের কথা বলতে পারেন, সেটাই প্রত্যাশা ছিল।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি শাস্তির নয়। এটি স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্ন। সে সময় খেলোয়াড় ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সংস্কৃতি কেমন ছিল, তা নিয়ে টড সংস্থার পক্ষ থেকে স্বীকার করেছেন।’
অন্যদিকে, ম্যাচে ধারাভাষ্য দেওয়া উসমান খাজাও কথা বলার জন্য একটি ‘নিরাপদ পরিবেশ’ তৈরির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে পুরো প্রক্রিয়া রুদ্ধদ্বার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
খাজা বলেন, ‘আমার সবচেয়ে বড় প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কী প্রকাশ করা হবে, সেই সিদ্ধান্ত নেবে বোর্ড।’
তিনি আরও প্রশ্ন তোলেন, ‘মানুষ যা বলেছে, তা প্রকাশের চেষ্টা করা কীভাবে একটি কার্যকর পদ্ধতি হতে পারে?’
খাজার আশঙ্কা, তিনি ফোরামে গিয়ে নিজের বক্তব্য তুলে ধরলেও পরবর্তী সময়ে বোর্ড চাইলে তা প্রকাশ না করার সিদ্ধান্ত নিতে পারে।
বিভাগ: খেলাধুলা | আন্তর্জাতিক ক্রিকেট | ক্রিকেট অস্ট্রেলিয়া
মেটা ডেসক্রিপশন: ২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে নতুন তদন্ত না করে সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তাদের বক্তব্য শোনার জন্য স্বাধীন ফোরাম গঠনের উদ্যোগ নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |