বিওয়াইএসএ’র ৫ দফা দাবি, আইডিএফকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার আহ্বান
প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
স্থান: ঢাকা | তারিখ: শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘প্রটেক্ট ফ্লোটিলা—ফ্রি প্যালেস্টাইন’ শীর্ষক প্রতিবাদ কর্মসূচি থেকে বাংলাদেশ ইয়ুথ সিনার্জি অ্যালায়েন্স (বিওয়াইএসএ) ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার আহ্বানসহ পাঁচ দফা দাবি জানিয়েছে। সংগঠনটি জানায়, আন্তর্জাতিক জলসীমায় থাকা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কনভয়ের ওপর হামলা, মানবাধিকারকর্মীদের আটক এবং ফিলিস্তিনে চলমান সহিংসতার প্রতিবাদেই এ কর্মসূচি আয়োজন করা হয়।
আয়োজকদের ভাষ্য, পরিবেশ, জলবায়ু, মানবাধিকার, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, শিক্ষা ও স্বেচ্ছাসেবীসহ ৭০টি সংগঠন কর্মসূচিতে সংহতি জানায়।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নিরাপত্তা নিশ্চিত করা।
আটক সব স্বেচ্ছাসেবক ও কর্মীর মুক্তি এবং অবরোধ ভাঙতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও গণহত্যা অবিলম্বে বন্ধ করা।
ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ এবং ফিলিস্তিনকে উপনিবেশমুক্ত করে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা।
আইডিএফকে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা।
বক্তারা বলেন, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে ৪০টি নৌকায় ৪৪ দেশের ৫০০ নাগরিকের মানবিক কনভয় গাজার উদ্দেশে যাত্রা করে; এটি ছিল শান্তিপূর্ণ ও অহিংস মানবিক সহায়তা মিশন। তাদের দাবি, ২ অক্টোবর ওই কনভয়ের ওপর হামলা চালানো হয় এবং পরবর্তীতে মানবাধিকারকর্মীদের অপহরণ করে আটক রাখা হয়, যা আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও সামুদ্রিক স্বাধীনতার লঙ্ঘন।
বক্তারা আরও বলেন, “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি মানবিক যাত্রা; এর ওপর হামলা দখলদার নীতির ধারাবাহিকতা। ফিলিস্তিনের মানুষ একা নয়—ন্যায়, মানবতা ও স্বাধীনতার পক্ষে সংহতি অব্যাহত থাকবে।”
প্রতিবাদ সমাবেশ শেষে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে খামারবাড়ি মোড় ঘুরে সংসদ ভবনের সামনে পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং ফ্লোটিলার নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সড়কে অবস্থান নেন।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |